স্পোর্টস ডেস্ক : তবে কি আরেকটি ইনিংস পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে শ্রীলংকা? প্রথম ইনিংসে লংকান ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতা সেটাই বলছে। ৪০ ওভারে স্কোরবোর্ডে ৯১ রান তুলতেই তাদের চলে গেছে ৮ উইকেট। এখনও শ্রীলংকা পিছিয়ে রয়েছে ৪০৭ রানে। তৃতীয় দিনে বাকি ২ উইকেট নিয়ে আর কতরানই বা যোগ করা সম্ভব। অন্যরকম কিছু না ঘটলে বলা যায়, দ্বিতীয় টেস্টেও আরেকবার ফলোঅনেই পড়তে যাচ্ছে দ্বীপদেশটি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৩২ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে।
হেডিংলি টেস্টের মতো চেষ্টার লি স্ট্রিটেও ইংলিশ পেসাররা লংকান ব্যাটসম্যানদের কোমর সোজা করে দাঁড়াতেই দিচ্ছেন না। মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা পরবর্তী প্রজন্ম ইংল্যান্ডে গিয়ে দিশা পাচ্ছেন না। ৬২ বলে ৩৫ রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল কুশল মেন্ডিস।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ তড়িঘড়ি করতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন মাত্র ৩ রান করে। কুশল সিলভা ২২ বলে ১৩, রঙ্গনা হেরাথ ৪৬ বলে ১২ ও লাহিরু থিরিমান্নে ৬৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ক্রিস ওকস। স্টুয়ার্ট ব্রড ৩ উইকেট পেয়েছেন ৩৫ রান দিয়ে। আগের টেস্টে ১০ উইকেট পাওয়া জেমস অ্যান্ডারসন ২ উইকেট নিয়েছেন ৩১ রানে।
এরআগে ৬ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। অপরাজিত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন মঈন আলী। ২০৭ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫৫ রানের ইনিংস। সতের চারের সঙ্গে ছয় মেরেছেন দুটি। তাকে যোগ্য সমর্থন দিয়েছেন ওকস ৭৬ বলে ৩৯ রান করে। শেষ পর্যন্ত ১৩২ ওভারে ৯ উইকেটে ৪৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ১০৭ রানে ৪ উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ। শ্রীবর্ধনে ৩৫ ও সুরঙ্গা লাকমল ১১৫ রানে ২টি করে উইকেট পেয়েছেন।

