স্পোর্টস ডেস্ক : আজ শনিরাব চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ফাইনাল বলে কথা। মাঠের লড়াইয়ের আগেই দু’দলের খেলোয়াড়-কোচের কথাই লড়াই চলছে। তারই ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস জানালেন, ইউরোপসেরার শিরোপা জিততে আগের মতোই ক্ষুধার্ত তারা।
এর আগে ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। এবারের ফাইনালে একই প্রতিপক্ষ। ভালোভাবে চেনা-জানাও বটে। দুটি দলই তো স্পেনের। চেনা প্রতিপক্ষ অ্যাটলেটিকোর বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে শিরোপা নিজেদের শোকেসে তুলতে মরিয়া রিয়াল।
সার্জিও রামোস বলেন, ‘আগের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের ধারণা মোটেই বদলায়নি। তবে একদিকে আমি যেমন রোমাঞ্চিত, অপরদিকে উদ্বিগ্নও বটে! দেখায় অপেক্ষায় রয়েছি, মিলানে কী ঘটে? আগে আমাদের দারুণ সুখস্মৃতি ছিল। এবারও অ্যাটলেটিকো বিপক্ষে জয় পেতে ক্ষুধার্ত আমরা।’

