স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরু থেকেই আইপিএলে আধিপত্য বিস্তার করেছিল গুজরাট লায়ন্স। প্লে-অফে এসে তাদের সেই ধারাবাহিকতা থাকল না। আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায় সুরেশ রায়নার দল।
এরপর হয়তো আশায় বুক বেঁধেছিল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট পকেটে পুরবে গুজরাট। সেই আশা রূপ নিল হতাশায়। শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় সানরাইজার্সের কাছে ৪ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হলো গুজরাটের।
হারের মাঝেও শিখলেন পরাজিত দলের অধিনায়ক সুরেশ রায়না। প্রতিপক্ষ হায়দরাবাদকে কৃতিত্ব দিলেন তিনি । বলেন, ‘তারা (সানরাইজার্স) বেশ ভালো খেলেছে। বিশেষ করে ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি বলব, ১৬৩ রান ভালো সংগ্রহ ছিল। শিভিল তো তাদের চমকে দিয়েছিল। শেষ পর্যন্ত সানরাইজার্সকেই কৃতিত্ব দিতে হবে। আমাদের দলটা নতুন, নতুন ভেন্যুতে খেলা। কোচ ব্র্যাড হজের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। অধিনায়ক হিসেবে দলকে পরিচালনা করতে আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তিনি।’

