ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় খাল থেকে নিখোঁজ থাকা বিএনপির নেতা একরামুল হক মজুমদারের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২৬ মে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিখোঁজ হন। নিহত একরামুল হক হিছাছড়া ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই এলাকার মজুমদার বাড়ির মৃত বেলাল হোসেন মজুমদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ২৬ মে দুপুরে তিনি পুকুর ঘাটে লুঙ্গি আর গেঞ্জি রেখে বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ। গত ২৫ মে ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর পক্ষে সক্রীয়ভাবে কাজ করেছেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

