স্পোর্টস ডেস্ক : সপ্তাহ খানেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে অ্যালিস্টার কুকের দরকার ছিল মাত্র ৩৬ রান। এই স্কোর করতে পারলেই ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতেন ইংল্যান্ডের অধিনায়ক। আর তাতে ভেঙে যেত শচীন টেন্ডুলকারের পুরোনো রেকর্ড।
কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনে কুকের সামনে থাকা সুযোগটা হাতছাড়া হয়ে যায়।শানাকার বলে আউট হয়ে যান ১৬ রান করেই। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট ধরারই সুযোগ পাননি তিনি। কারণ ওই টেস্টে ৮৮ রান ও ইনিংস ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। তাই অপেক্ষা বাড়ে ইংলিশ দলপতির।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। শচীনের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়তে অ্যালিস্টার কুকের চাই ২০ রান।
এই টেস্টেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইবেন কুক। আর চাইবেন না অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করতে। দেখা যাক কী হয়!
প্রসঙ্গত, টেন্ডুলকার যখন ১০ হাজার রান করেছিলেন, তখন তার বয়স ছিল ৩১ বছর ১০ মাস। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। গত ডিসেম্বরেই ৩১-এ পা দিয়েছিন কুক। অর্থাৎ শচীনের থেকে পাঁচ মাস আগেই এই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তিনি। যদিও ১২২টি ম্যাচে ১০ হাজার রান করেছিলেন শচীন। কুক খেলছেন ১২৭তম ম্যাচ। টেস্ট ক্যারিয়ারের শচীনে মোট রান ১৫ হাজার ৯২১। যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন পন্টিং, তার মোট রান ১৩ হাজার ৩৭৮।

