অর্থনৈতিক প্রতিবেদক : ১৮ থেকে ৪০ বছরের (তরুণ-তরুণীদের) জন্য বাজেটে পৃথক বরাদ্দের দাবি জানিয়েছেন তরুণ উদ্যোক্তাদের।
তাদের মতে, নারী ও পুরুষের জন্য আলাদা বাজেট না করে তরুণ প্রজন্মের জন্য আলাদা বাজেট করলে সামগ্রিক অর্থনীতি বেশি লাভবান হবে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মলনকক্ষে ‘তরুণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানান তরুণরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আলোচনায় অংশ নিয়ে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সভাপতি শাখাওয়াত হোসেন মামুন বলেন, তরুণদের জন্য ব্যবসাবান্ধব বাজেট দিতে হবে। দেশে তরুণ উদ্যোক্তা তৈরি হলে একদিকে কর্মসংস্থান বাড়বে অন্যদিকে অর্থনীতি লাভবান হবে।
এসময় ভ্যাট-ট্যাক্স, মেধাসত্ত্ব আইন বাস্তবায়ন, সরকারি প্লট ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি জানান তিনি।
মূল প্রবন্ধে তৌফিকুল ইসলাম খান বলেন, আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে ই-কমার্স ও আইসিটি খাতে বাজেট সহায়তা প্রত্যশা করেছে দেশের তরুণ প্রজন্ম।
তিনি বলেন, আসন্ন বাজেট নিয়ে তরুণদের ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। এতে দেখা যায়, আসন্ন জাতীয় বাজেটে ই-কমার্স, আইসিটি, ফ্যাশন ও ডিজাইন খাতে বাজেট সহায়তা প্রত্যশা করে দেশের তরুণ প্রজন্ম।
তৌফিকুল ইসলাম বলেন, এসব খাতে দেশের তরুণরা ব্যাপক আগ্রহী। তাই আগামী বাজেটে এসব খাতের উন্নয়নে নগদ প্রণোদনা ও সহায়তা প্রত্যাশা করেন তারা।
এ ছাড়া জাতীয় নীতিমালা তৈরিতে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মতামত নেওয়ার উপর জোর দেন দেশের তরুণরা।
তিনি আরো বলেন, দেশের সার্বিক অর্থনীতির ভিত্তিতে আগামী বাজেট তৈরি করতে হবে। এ ছাড়া অর্থনীতির অগ্রাধিকার খাতগুলোতে অধিক ও কার্যকর বরাদ্দ দেওয়ার মত দেন দেশের তরুণরা।
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে এফবিসিসিআই পরিচালক জসিম উদ্দিন, আবু নাসের, হারুন অর রশিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

