নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরে ওঠবস করানো প্রসঙ্গে সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, কান ধরে ওঠবস করানো সভ্য সমাজ ও সংবিধানের সরাসরি পরিপন্থী। এটা জাতির জন্য লজ্জাজনক। এ ধরনের আচরণ কল্পনা করা যায় না।
বৃহস্পতিবার হাইকোর্টে এক মামলার শুনানি শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কেউ কোনো অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। ওই আইনে তদন্ত হয়, তদন্ত শেষে বিচার হয়। কিন্তু বিচারের আগেই বিনা বিচারে ওই শিক্ষককে দণ্ড দেওয়া হয়েছে। এভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না।’
জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টের রুল প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালতের এই ধরনের ভূমিকা আমাদের সাহস জোগায়। কারণ, এই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার জন্যই অনেক মানুষ জীবন দিয়েছে। স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না।’

