টাঙ্গাইল প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক ভাল রয়েছে। চুরি, ডাকাতি, হত্যা এই ধরনের অপরাধ পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়ে আসছে।
বৃহস্পতিবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগে ‘একবিংশ শতাব্দিতে পুলিশিং’ সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে পেলে পায়ে ধরে সালাম করি। সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশের কিছু করার নেই। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি আমাদের কিছু করার থাকে, তবে আমরা অবশ্যই তা করবো।
টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা সম্পর্কে আইজিপি বলেন, ফারুক হত্যায় চার্জশিট দেওয়া হয়েছে। আসামিদের আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি। তাদের মালামাল জব্দের আদেশ পাওয়া গেছে। সেই বিষয়ে প্রক্রিয়া চলছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসপিএম উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত ব্যানার্জি ও মো. বশীর উদ্দীন খান। এ বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ তথ্য কমিশনের সাবেক কমিশনার প্রফেসর ড. সাদেকা হালিম, যুক্তরাষ্ট্রের কুজটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনাল জাস্টিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ^বিদ্যালয়ের সিপিএস বিভাগের ভিজিটিং ফেলো প্রফেসর ড. মাহ্ফুজুল ইসলাম খন্দকার। বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের সিপিএস বিভাগের হেকেপ প্রকল্পের ডিএসপিএম সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক।

