প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’এর চূড়ান্ত পর্বে পিপলস চয়েজ ক্যাটাগরিতে শীর্ষ ৫ এ অবস্থান করছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। অনলাইন ভোটের মাধ্যমে ৫টি প্রকল্প হতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। তাই আপনার ভোট বাংলাদেশকে শীর্ষে পৌঁছে দিতে সহযোগিতা করবে।
সম্প্রতি বেসিসের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে পিপলস চয়েস ক্যাটাগরিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিলো প্রকল্পটি।
বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, ‘বিশ্বের ২২০টিরও বেশি শহরকে পেছনে ফেলে বাংলাদেশি প্রকল্প ‘মার্শিয়ান ওয়েসিস’ শীর্ষ ৫ এর মধ্যে অবস্থান করছে। এটি বাংলাদেশের জন্য খুবই আনন্দ এবং গর্বের। অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশি এ প্রকল্পটিকে বিজয়ী করার মোক্ষম সময় এখন। তাই সবার প্রতি প্রকল্পটি ভোট প্রদানের আহ্বান করছি।’
মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটিকে ভোট দিতে প্রথমে সাইটে গিয়ে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।তারপর এই লিঙ্কে গিয়ে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেয়া যাবে। ২০ মে পর্যন্ত প্রতিদিন একবার করে ভোট দেয়া যাবে।
উল্লেখ্য, গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এবারের প্রতিযোগিতার সহযোগী ছিলো বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে ছিলো ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ(আইইউবি), রাজশাহী ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

