স্পোর্টস ডেস্ক : টানা ক্রিকেট সূচিতে ব্যস্ত বিরাট কোহলি এখন ক্লান্ত। আসন্ন জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে। শুধু কোহলি নয়, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকেও বিশ্রাম দেয়ার কথা রয়েছে। টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে রয়েছে অনিশ্চিয়তা!
তারুণ্য নির্ভর দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। ১ জুন জিম্বাবুয়ে সফর শুরু করবে তারা। সেখানে তিনটি ওয়ানডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। এর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া।
কোহলি-রোহিতদের বিশ্রাম দেয়ার বিষয়ে বিসিসিআই বোর্ড একটি সূত্র জানিয়েছে, ‘এটা প্রায় নিশ্চিত যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রাম দেওয়া হচ্ছে। কেননা টানা ছয় মাস ধরে তারা ক্রিকেট খেলছে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে শিখর ধাওয়ানকে। ধোনি না গেলে গত বছরের মতো নেতৃত্ব উঠতে পারে সুরেশ রায়নার কাঁধে।’

