স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে আন্দ্রে রাসেল যেন উড়ছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন। ব্যাট হাতে ১২ ম্যাচ খেলে করেছেন ১৮৮ রান। বল হাতে তিনি আরো উজ্জ্বল, নিয়েছেন ১৫ উইকেট। এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাসেল। বলতে গেলে ক্যারিবীয় অলরাউন্ডার কেকেআরের ‘তুরুপের তাস’। সেই রাসেলের চোট নিয়ে উদ্বিগ্ন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। জানালেন, রাসেলের ইনজুরি চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ তম ওভারে বল করার সময় চোট পান রাসেল। চোট এতটাই গুরুতর যে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। তাই ১৯ মে গুজরাট লায়ন্সের বিপক্ষে রাসেল খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ।
রাসেলের চোট নিয়ে গম্ভীর বলেন, ‘আমি এখন কিছু বলতে পারব না, পরে জানতে পারব। আমি এখনো সেভাবে জানি না যে ওর ঠিক কী হয়েছে। তবে ওর যা অবস্থা দেখলাম, তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রাসেল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
সোমবার ১৮২ রানের পুঁজি নিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৯ উইকেটে হেরে যায় কেকেআর। ম্যাচটিতে সাকিব আল হাসানের বলে জয়ের নায়ক বিরাট কোহলির ক্যাচ মিস করেছিলেন গম্ভীর। যা কেকেআরের অধিনায়ককে বেশ পাড়াচ্ছে। তাই আক্ষেপ ঝরল তার কণ্ঠে।
কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, ‘আমি ভেবেছিলাম যে পিচটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তাই ১৮০-১৯০ রান স্কোরবোর্ডে তুলতে পারলে আমরা জয় পেতে পারি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমি বিরাটের ক্যাচটি মিস করে ফেলি। ওই সময় কোহলির উইকেটটা পেয়ে গেলে বেঙ্গালুরুর উপর পাল্টা চাপ তৈরি করা যেত। কিন্তু আমরা সেটা পারলাম না। দলের বোলাররা নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। কিন্তু সবাই জানে, রান তাড়া করায় কোহলিরা কতটা পারদর্শী।’

