স্পোর্টস ডেস্ক : দারুণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তার ব্যাট যেন হেসেই চলেছে। সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস। এর মাঝপথেই ক্রিস গেইল ও মাইক হাসির রেকর্ড ভাঙলেন কোহলি। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।
মৌসুম শেষ হওয়ার আগেই ১২ ম্যাচ খেলে কোহলি নামের পাশে যোগ করেছেন ৭৫২ রান। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরির ইনিংস। টি২০র হিসেবে তার গড় তো ঈর্ষণীয়, ৮৩.৫৫!
এর আগে আইপিএলের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছিলেন ক্রিস গেইল ও মাইক হাসি। দু’জনই করেছিলেন সমান রান। ২০১২ বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গেইল। ১৪ ম্যাচ খেলে ৬১.০৮ গড়ে করেছিলেন ৭৩৩ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৭টি হাফসেঞ্চুরিও।
ঠিক পরের বছর অর্থাৎ ২০১৩ সালে নিষেধাজ্ঞায় থাকা চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়িয়েছিলেন হাসি। ওই আসরে ১৭ ইনিংস খেলে সংগ্রহ করেছিলেন ৫২.৩৫ গড়ে ৭৩৩ রান। যদিও নামের পাশে সেঞ্চুরি যোগ করতে পারেননি, তবে ৬টি হাফ সেঞ্চুরির মাধ্যমেই এই রান তুলতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটার।

