বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী সোহানা সাবা, গেল বছর কলকাতার নির্মাতা অয়ন চক্রবর্তীর আমন্ত্রণে যোগ দিয়েছিলেন ‘ষড়রিপু’ ছবিতে। শুটিং, ডাবিং আর এডিটিং শেষে এবার মুক্তির পালা। তার আগমুহূর্তে অনলাইনে এলো ছবির ট্রেলার। যেখানে প্রথমবারের মতো রুপালি পর্দার দৃশ্যে খুন হলেন অভিনেত্রী সোহানা সাবা। ছবির গল্পে কোটিপতির বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সাবা।
অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবিটি মূলত ক্রাইম থ্রিলারধর্মী। সোহানা সাবার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত আর বয়ফ্রেন্ডের চরিত্রে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
আগামী জুনে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ষড়রিপু’। যার মাস খানেক আগেই প্রকাশিত হলো প্রায় দেড় মিনিটের ট্রেলার।

