বিনোদন ডেস্ক : হলিউড সুপারস্টার ও মার্শাল আর্ট মায়েস্ত্রো জ্যাকি চানের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন বলিউডের অন্যতম অভিনেতা ও ‘দাবাঙ্গ’ খ্যাত সোনু সোদ। আর হলিউড সুপারস্টারের সঙ্গে প্রথমবার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে রীতিমত উচ্ছ্বাসিত তিনি। এমনকি জ্যাকি চানের মত এতো অসাধারণ মানুষ তিনি কমই দেখেছেন বলেও মন্তব্য করেছেন সোনু!
জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সর্বশেষ ভারত সফরে এসে যৌথভাবে চীন-ভারত সিনেমা করার প্রস্তাব করেন। সরকারিভাবে ভারত ও চীন তিনটি সিনেমা করতে চুক্তিপত্রেও সই করে। চীন প্রেসিডেন্টের সেই চুক্তিমোতাবেক গত মার্চের শেষে শুটিং করতে ভারতে আসেন এশিয়ার অন্যতম এবং আন্তর্জাতিক অভিনেতা জ্যাকি চান। মূলত ‘কুং ফু যোগা’ নামের চীন-ভারত যৌথ সিনেমায় অভিনয় করতেই ছিল তার এ সফর। আর তারসঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে রীতিমত আত্মহারা ছবির সহ-অভিনেতা সোনু সোদ!
এরইমধ্যে শুক্রবার ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়ে সোনু সোদ টুইট করে বলেন, অবশেষে ‘কুংফু যোগা’ সিনেমার শুটিং শেষ হল। জ্যাকি চানের মত অসাধারণ মানুষের সাথে এর আগে আমার সাক্ষাৎ হয়নি।
ছবিতে ভিলেন চরিত্রে সোনু সোদ অভিনয় করবেন সোনু সোদ। অন্যদিকে ‘কুংফু যোগা’ ছবিতে জ্যাকি চানের বিপরীতে ক্যাটরিনা কাইফ এবং পরবর্তীতে ইলেনা ডি’ক্রুজের অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত অভিনয় করছেন আমিরা দস্তুর। আর ছবিটি চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

