স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটির তারকা জেমি ভার্ডিকে পিছনে ফেলে গোল্ডেন বুট জিতলেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন।
রোববার মৌসুমের শেষ ম্যাচে হ্যারি কেনের দল পাঁচটি গোল হজম করেছে। এতে আর্সেনালের কাছে দ্বিতীয় স্থানও হারিয়েছে। মৌসুমের শেষ ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি। তবুও সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই থাকলেন ইংল্যান্ডের এই তারকা।
গোল্ডেন বুট জয়ের তালিকায় এগিয়ে ছিলেন টটেনহ্যামের হ্যারি কেন, লেস্টার সিটির জেমি ভার্ডি ও ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরা। রোববার মৌসুমের শেষ ম্যাচে তারা প্রত্যেকেই নিজ নিজ খেলায় মাঠে নেমেছিলেন। কিন্তু এই তিন জনের কেউই জালে বল জড়াতে পারেননি।
ফলে ২৫ গোলে নিয়ে শীর্ষে থাকলেন হ্যারি কেন। লিগের ৩৮ ম্যাচ খেলে এই গোল করলেন তিনি। ৩৬ ম্যাচে ২৪ গোল করে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করলেন ভার্ডি। আর মাত্র ৩০ ম্যাচে ২৪ গোল করে পরের স্থানে আছেন অ্যাগুয়েরা।
২২ বছর বয়সী হ্যারিকেন এই নিয়ে টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে নূন্যতম ২০ গোল করার কৃতিত্ব দেখালেন। আর ১৯৯৯-২০০০ মৌসুসে সান্ডারল্যান্ড তারকা কেভিন পিলিপ্সের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে লিগের সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন।

