রংপুর প্রতিনিধি : দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে শিক্ষার্থীদের চাপে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৩ মে) বেলা ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবী মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ৬ মাস ধরে তালাবদ্ধ মসজিদের সামনে খোলা মাঠে জুম্মার নামাজ আদায়ের অবসান হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের দীর্ঘ দুই বছরের অধিক সময় পার হলেও আনুষ্ঠানিকভাবে চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ছাত্রদের আবাসিক দুটি হল চালুর পর গত ৬ মাস থেকে তালাবদ্ধ মসজিদের সামনে খোলা মাঠে জুম্মার নামাজ আদায় এবং বিভিন্ন সময়ে মসজিদ খুলে দেয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছির ও মানববন্ধন সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে গত ৬ মার্চ অষ্টম ব্যাচের নবীণবরণ অনুষ্ঠানে ৩১ মার্চের মধ্যে মসজিদ খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাস্তবায়ন না করায় ৮ এপ্রিল বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনও ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
মসজিদ উদ্বোধন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহিম কবীর জানান, ইতোমধ্যে মসজিদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। ১৩ মে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মসজিদ খুলে দেয়া হচ্ছে।

