নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ মে জাতীয় পার্টির ৮ম জাতীয় সম্মেলনে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বিকেলে সম্মেলনের ভেন্যু পরিদর্শন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি বলেন, পার্টির সম্মেলন সফল করতে যাবতীয় প্রস্ততি প্রায় শেষ পর্যায়ে। রোববার বিকাল ৫টায় পার্টির চেয়ারম্যান সম্মেলনের ভেন্যু পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে পার্টির কো-চেয়ারম্যান, মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্যরা থাকবেন।
সুনীল শুভ রায় বলেন, রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পাশের মাঠে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি, ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছেন তারা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ সম্মেলন, দুপুর ২টা থেকে মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

