বিনোদন প্রতিবেদক : মাস দুয়েক হলো বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খান। বিয়ের পর তার নতুন ঘর, নতুন সংসারে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন তিনি। অভিনেত্রীদের বিয়ের পর ক্যারিয়ারে ভাটা পরার নজির আছে ভুড়িভুড়ি। কারণ বিয়ের পর অনেকটা অলিখিত নিষেধাজ্ঞা নেমে আসে। শুটিং কমিয়ে সংসারে মনোযোগী হতে হয়। কিন্তু সেক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবানই ভাবছেন ঈশিকা, ‘এখনও পর্যন্ত সেরকম কোন প্রবলেমের মুখোমুখি হইনি। বরং কয়েকদিন আগে সকাল পৌণে ছয়টায়ও শুটিং সেটে হাজির হয়েছিলাম। আশা করছি কাজের ক্ষেত্রে কোন প্রবলেম হবেওনা।’
স্বামী কায়সার দেশের বাইরে আছেন বেশ কিছুদিন হলো। কবে ফিরবেন জানতে চাইলে, ঈশিকা রসিকতার সুরে বললেন, একদিনও হতে পারে, একবছরও হতে পারে।’
তবে, বিয়ের পরও নিয়মিতই কাজ করছেন তিনি। পুরোদমে ঈদের কাজে ব্যস্ত হয়ে পরেছেন। সম্প্রতি শেষ করেছেন ‘হামতাম কোচিং সেন্টার’ নামে একটি একক নাটক। নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার সুমন। তার সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, ঈশিকা খান, অ্যালেন শুভ্র, অন্তুসহ আরও অনেকে। ঈদে প্রচারিত হবে নাটকটি।
এছাড়া চয়নিকা চৌধুরীর একটি সিরিয়ালে কাজ শুরু করেছেন তিনি। একদিন শুটিংও করেছেন। সহশিল্পী নিশো মালয়েশিয়া থেকে ফেরার পর ফের শুটিং শুরু করবেন। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। আজ কোক স্টুডিওতে ভিমবারের একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। বিজ্ঞাপনটি নির্দেশনা দিচ্ছেন পার্থ প্রীতম নাথ।
শুটিং সেট থেকে ঈশিকা জানালেন, ‘বিজ্ঞাপনটি ননদ-ভাবীর গল্পে নির্মিত হচ্ছে। আমি ভাবীর চরিত্রটা করছি। ভিমবারের নতুন একটি অফার আসছে। সেই অফারটিই আমরা জানাবো।’
এছাড়া আরও একটি বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, মিডিয়ায় তার অভিষেক খুব বেশিদিন আগে নয়। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করে শুরুতেই চমকে দিয়েছিলেন দর্শকদের। অল্প সময়েই দর্শকদের ভালোবাসা পেয়েছেন। কাজ করেছে একটার পর একটা আলোচিত নাটকে। ছোটপর্দায় তার ক্যারিয়ারটা ছোট হলেও সাফল্যের পাল্লাটা কিন্তু বেশ ভারী। মডেলিং, অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিনি। গত এপ্রিলে লণ্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ে হয় তার। কায়সার বর্তমানে লন্ডনেই আছেন।

