স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। অক্টোবর থেকেই নাকি বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। বসে থাকছে না বাংলাদেশও!
তারই প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে দিবা-রাত্রির টেস্ট খেলার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। বলেন, ‘যদি নিউজিল্যান্ডে দিবারাত্রির টেস্ট খেলতে হয়, তাহলে আমরা অবশ্যই ঘরের মাঠে কিছু প্রস্তুতি ম্যাচ খেলব।’
এ ছাড়া আগামী মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে দিবারাত্রির টেস্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম ধাপে ২০১৬-১৭ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচগুলো পরীক্ষামূলকভাবে ফ্লাডলাইটের আলোয় হতে পারে বলে জানান নিজামুদ্দিন চৌধুরী।
বিসিবির এই কর্তা বলেন, ‘দিবারাত্রির টেস্ট খেলা অবশ্যই আমাদের পরিকল্পনার অংশ। আমরা ২০১৩ সালে ঘরোয়া ক্রিকেটে চেষ্টা করেছিলাম। আমরা এখন অন্যান্য দলের মতো দিবারাত্রির টেস্ট খেলার পক্ষপাতী। আমরা আশাবাদী, ঘরোয়া ক্রিকেটের আগামী মৌসুম থেকে এর প্রচলন শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘দিবারাত্রির ক্রিকেটে বাণিজ্যিক লাভ অনেক। আমাদের দেশে টেস্ট ক্রিকেটে অনেক দর্শক হয়। আমরা বিশ্বাস করি দিবারাত্রির টেস্ট হলে দর্শক সংখ্যা আরো বাড়বে। আমরা অবশ্যই ক্রিকেটারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

