স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে বার্সেলোনাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার তারা সেমির খেলা নিশ্চিত করেছে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরেও ফাইনালে উঠতে সমস্যা হয়নি অ্যাটলেটিকোর।
কেননা বায়ার্নের খেলোয়াড়রা যেটা পারেননি, সেটা পেরেছেন অ্যাটলেটিকোর স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যান। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় একটি গোল করেছেন তিনি। যা অ্যাটলেটিকোকে এনে দিয়েছে ফাইনালের টিকিট। এটাকে ‘অবিশ্বাস্য অর্জন’ বললেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।
শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করে সিমিওনে বলেন, ‘আমি বলতে চাই, আমরা সেরা একটি দলের (বায়ার্ন) বিপক্ষে খেলে ফাইনালে উঠেছি। ছেলেদের পারফরম্যান্সে আমি মুগ্ধ। আমরা যা অর্জন করলাম, তা সত্যিই অবিশ্বাস্য। প্রতিপক্ষের মাঠে দারুণ খেলেছি আমরা। প্রথমার্ধে বায়ার্ন পেনাল্টি মিস করেছে। এরপর তাদের মানসিকভাবে আরো চেপে ধরেছে ছেলেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আমাদের আরো ভালো খেলা দরকার ছিল!’
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য ভেঙে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত কয়েক বছরে সেটা প্রমাণ করেছে তারা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে হারানোর পর দিয়েগো সিমিওনে বলেন, ‘আমরা গোলের হিসাবে জিতে গেছি, এটা ঠিক। তবে এটাও দেখেছি যে আমরা এখন অনেক শক্তিশালী একটি দল। আমাদের রক্ষণভাগ অনেক ভালো করছে। সব মিলে আমি খুশি।’

