নিউজ ডেস্ক : ঘুষ চাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে করা অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগের বিষয়ে বলা হয়, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নাছিমা রহমান এবং একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আতোয়ার রহমানের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের মঙ্গলবার (৩ মে) থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
একই সঙ্গে অভিযোগের বিষয় খতিয়ে দেখতে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালনকারী রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. সামছুল আলম।
কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

