বিনোদন প্রতিবেদক : ‘হৃদয়ের কথা’খ্যাত নির্মাতা অলিককে সবাই ডিরেক্টর হিসেবেই জানে। এবার তার আরেকটি পরিচয় মিললো। নতুন একটি গান লিখেছেন তিনি। ‘আকাশ জুড়ে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। অলিকের নতুন ছবি ‘এক পৃথিবী প্রেম’-এ থাকছে গানটি। চলতি সপ্তাহে ইউটিউবে গানটি ছাড়া হয়েছে। বেশ সাড়া ফেলেছে গানটি। গানটির তালে ঠোঁট মিলেয়েছেন আসিফ ও আইরিন।
ভিডিওতে দেখা যায়, আইরিনের মুখটা গোমড়া। কিন্তু আসিফ কিছুতেই মানতে পারছেনা প্রিয়মানুষের মন খারাপ কিছুতেই মানতে পারছে না। প্রিয় মানুষটির মুখে হাসি ফুটাতে গানে গানে জানিয়ে দিচ্ছে নিজের ভালোলাগার কথা।
‘এক পৃথিবী প্রেম’ ছবিটিতে আইরিন ও আসিফের পাশাপাশি আরও অভিনয় করেছেন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী প্রমুখ। পানকৌড়ি চলচ্চিত্রের প্রযোজনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও কুমার বিশ্বজিৎ। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে রয়েছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।
উল্লেখ্য, এস এ হক অলিক এর আগে ‘হৃদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’ ও ‘আরো ভালোবাসবো তোমায়’ নামে তিনটি ছবি নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় শিগগিরই মুক্তি পাবে নতুন জুটি আইরিন ও আসিফ নূরের ‘এক পৃথিবী প্রেম’।

