স্পোর্টস ডেস্ক : এক নয়, দুই নয়, ১৩২ বছর অপেক্ষা করতে হয়েছে একটি শিরোপা জন্য। অবশেষে লেস্টার সিটির কাছে ধরা দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি। এখন ক্লাবটিতে চলছে আনন্দ-উল্লাস। দলটির কোচ রানিয়েরি জানালেন, এই বছরের পুনরাবৃত্তি ঘটবে না। কথাটা বাস্তব! এটাই তো তাদের প্রথমবারের মতো শিরোপা জয়। এর পুনরাবৃত্তি ঘটা কী আর সম্ভব?
শিরোপা জয়ের পর নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাচ্ছেন কি না? এমন প্রশ্নে জবাবে রানিয়েরি বলেন, ‘আমি লেস্টারেই থাকছি। এই বছরের পুনরাবৃত্তি ঘটবে না! পরবর্তী বছর লিগের সেরা দশে থাকতে পারব বলে আমি আশাবাদী। অবশ্যই উন্নতি ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
এক দিনে যেমন রোম জয় করা সম্ভব হয়নি, তেমনি লেস্টারের শিরোপা জয়ের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। লেগেছে ১৩২ বছর। লেস্টারের দায়িত্ব নেয়ার পর ইতিবাচক ছিলেন কোচ রানিয়েরি, ‘আমার বয়স ৬৪ বছর। দীর্ঘদিন ধরে এই শিরোপার জন্য লড়াই করছি। ব্যর্থতার মাঝেও ইতিবাচক থাকার চেষ্টা করেছি। আমার দলও ইতিবাচক ছিল। তার-ই ফল এটা।’
মাঠে নামতে হলো না, অথচ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠল লেস্টার। সোমবার চেলসির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র টটেনহাম করায় এমন উদযাপনে বিস্মিত লেস্টার কোচ রানিয়েরি বলেন, ‘যখন এমন কিছু ঘটে, তখন আপনি চিন্তাও করতে পারবেন না। সত্যিই অবাক করার মতো ব্যাপার।’

