স্পোর্টস ডেস্ক : সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পারস চেলসির সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন লেস্টার সিটি। মজার বিষয় হচ্ছে, এদিন ম্যাচটি নিষ্পত্তি হয় সেই ড্রয়ে। এমন ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল লেস্টার সিটি। ক্লাবটির ১৩২ বছরের ইতিহাসে এটিই তাদের প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাস।
৩৬ ম্যাচ শেষে লেস্টারের ঝুলিতে জমা পড়েছে ৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থান অধিকারী টটেনহামের অর্জিত পয়েন্ট ৭০। হিসাব চুকে গেছে। চলতি মৌসুমে লিগের বাকি দুটি ম্যাচ লেস্টারের জন্য আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নেই। ওই দুই ম্যাচে তাদের হারলে কিংবা জিতলে কোনো সমস্যা হবে না!
আগের ম্যাচেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারত লেস্টার। কিন্তু ম্যানইউর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করায় সেটা আর হলো না। অপেক্ষা বাড়ল তাদের। তাই টটেনহামের ম্যাচের দিকে তাকিয়েছিল লেস্টার। ভাগ্যদেবী সহায় হলো তাদের। শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে মাঠে নামতে হলো না। চেলসির সঙ্গে ড্র করল টটেনহাম। মাঠের বাইরে থাকা লেস্টার শিরোপা ঘরে তুলে নিয়ে আনন্দের জোয়ারে ভাসছে!
স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধে অবশ্য দুই গোলের ব্যবধানে এগিয়েছিল টটেনহামই। ৩৫ ও ৪৪ মিনিটে তাদের পক্ষে গোল দুটি করেছেন হ্যারি কেন ও হিউং-মিন। ম্যাচের শেষটা ছিল চেলসির। ব্লুজদের পক্ষে গোল দুটি শোধ দেন গ্যারি কাহিল ও ইডেন হাজার্ড, যথাক্রমে ৫৮ ও ৮৩ মিনিটে।

