বিনোদন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেল অমিতাভ রেজার আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছবিটিকে ছাড়পত্রের সনদপত্র দেয়া হয়েছে। নির্মাতা জানালেন, আগষ্টের মাঝামাঝি সময়ে সারাদেশে চলচ্চিত্রটির মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।এর আগে আগামী ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে চলচ্চিত্রটির একটি মার্কেট স্ক্রিনিং হবে বলে জানা গেছে।
নির্মাতা অমিতাভ রেজা বললেন, ‘ছবির কাজ এখনো বেশকিছুটা বাকি। আপাতত আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য আমরা চলচ্চিত্রটিকে প্রস্তুত করেছি। আমার প্রযোজকদের আগ্রহে কানের মার্শে দ্যু ফিল্মে চলচ্চিত্রটির প্রদর্শনীর ব্যবস্থা করেছি। এর ফলে কোন উৎসবে যদি আমাদের চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয় তাহলে আমরা ্ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের কথা ভাববো। নইলে যথাসময়ে দেশেই মুক্তি পাবে ‘আয়নাবাজি’।
গত বছর জুনে শুরু হয়েছিল আয়নাবাজি’র শুটিং। রাজধানী ঢাকাসহ কাশিমপুর কারাগারে ছবিটির দৃশ্যধারণ করা হয়। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। আরও অভিনয় করছেন লুত্ফর রহমান জর্জ, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া।
ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবিটি প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড।

