স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। সোমবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠে ভেজা থাকার কারণে সেটা সম্ভব হয়নি।
পুরো এপ্রিল মাস জুড়ে বাংলাদেশে তীব্র গরম ছিল। বৃষ্টির জন্য ছিল হাহাকার। অবশেষে মে মাসের প্রথম দিনে বৃষ্টির দেখা পাওয়া গেল। এতে ডিপিএল-এ ম্যাচে প্রভাব পড়ল।
রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে পিচের কাভার সরে গিয়েছিল। ফলে বৃষ্টিতে উইকেট ভিজে যায়। সোমবার দিন উইকেট খেলার জন্য উপযোগী না থাকায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। ফলে রিজার্ভ ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

