আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে স্বল্পমূল্যে ‘এফ সিক্সটিন’ জঙ্গিবিমান সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ভর্তুকি মূল্যে আটটি এফ সিক্সটিন জঙ্গিবিমান দেবে বলে জানানো হয়েছিল। তবে শুক্রবার এ সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।
এখন পাকিস্তান ওই জঙ্গিবিমান কিনতে চাইলে যুক্তরাষ্ট্রকে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি পরিশোধ করতে হবে। অর্থাৎ আগের চেয়ে আড়াইগুণ বেশি মূল্য দিতে হবে। জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত পাক-মার্কিন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থ বরাদ্দ দিতে রাজি না হওয়ায়ই ভর্তুকি মূল্যে আর ওই বিমান পাবে না পাকিস্তান।
জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তান যথেষ্ট ভূমিকা পালন করছে না বলে অনেক মার্কিন সংসদ সদস্যের অভিযোগ। এছাড়া ওই চুক্তিতে আপত্তি জানিয়েছিল ভারতও। তবে পাকিস্তান যুক্তি দেখিয়েছিল, সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গিবিমানগুলো তার দরকার। তাই তা ক্রয়ে যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা উচিৎ।
এদিকে বিষয়টি নিয়ে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের মুখপাত্র নাদিম হোতিয়ানা বলেন, অস্ত্র বিক্রি একটি লম্বা প্রক্রিয়া। এ সম্পর্কে বর্তমানে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।
এছাড়া নাম না প্রকাশ করার শর্তে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের কাছে এফ সিক্সটিন বিক্রিকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিবেচনা করে দেশটির কাছে এখনো তা বিক্রিতে আগ্রহী ওবামা প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, ২৭০ মিলিয়ন ডলারে পাকিস্তানকে এফ সিক্সটিন সরবরাহ করার কথা ছিল। তবে এখন তা পেতে পাকিস্তানকে পূর্ণ মূল্য প্রদান করতে হবে।

