আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের একটি হাসপাতালে বিমান হামলা চালানোর অপরাধে ১৬ মার্কিন সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন সেনাবাহিনী। আন্তর্জাতিক দাতব্য মেডিকেল সংস্থা এমএসএফ পরিচালিত ঐ হাসপাতালে বিমান হামলায় ৪২ জন মানুষ নিহত হয়েছিলেন।
আফগানিস্তানের কুন্দুজের ঐ হামলার পরপর ভিডিও ফুটেজে দেখা যায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল। পুড়ে কয়লা হয়ে গেছে হাসপাতালের রুগিদের বেড, অন্যান্য আসবাব ও যন্ত্রাংশ। অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছিল এমন এক রোগীর অঙ্গ-প্রত্যঙ্গ উড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।
ঐ বিমান হামলায় হাসপাতালের কর্মী ও রোগীসহ মোট ৪২ জন মানুষ নিহত হয়। প্রথমে একে ‘মানবিক ভুল’ বলে দাবী করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। কিন্তু পরবর্তীতে ঐ ঘটনা মারাত্মক ভুল ছিল বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।
সেনাবাহিনীর গঠিত এক তদন্ত রিপোর্টে বলা হয় হামলার আগে মার্কিন বাহিনীর হাতে তথ্য ছিল ঐ বিল্ডিংয়ে তালেবান জঙ্গি রয়েছে। জানতো না যে, তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছিল, গত নভেম্বরে বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এবার তাদের মধ্যে থেকে ১৬ জনকে শাস্তি দেয়া হয়েছে।

