আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন মার্কিন নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। ৬২ বছর বয়সী কিম ডং-চুল একজন ন্যাচারালাইজড (মার্কিন বংশোদ্ভূত নয়, অভিবাসন আইন অনুসারে হওয়া নাগরিক) মার্কিন নাগরিক। তার জন্ম হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। গত বছরের অক্টোবর মাসে তাকে আটক করে উত্তর কোরিয়া।
কিম গত মাসে উ. কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের সামনে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেন। তিনি বলেছেন, তাকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা অর্থ দিয়েছিলেন উ. কোরিয়ায় গিয়ে গোয়েন্দাগিরি করার জন্য।
যুক্তরাষ্ট্র এর আগে তাদের নাগরিকত্ব ব্যবহার করে কূটনৈতিক খেলা খেলার জন্য উত্তর কোরিয়াকে দোষারোপ করেছে। যদিও পিয়ংইয়ং তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উত্তর কোরিয়া আগে বলেছিল, তারা কিমের কাছে একটি ইউএসবি পেন ড্রাইভ পেয়েছেন যাতে সামরিক ও পারমাণবিক গোপন তথ্য ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা কিম সাংবাদিকদের বলেছেন, তাকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন গোয়েন্দারা।
গত মার্চ মাসে অটো ফ্রেডরিক ওয়ার্মবিয়ার নামের আরেক মার্কিন ছাত্র ও পর্যটককে উত্তর কোরিয়ার একটি হোটেল থেকে রাজনৈতিক লিফলেট চুরি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১৫ বছরের জেল দিয়েছিল উ. কোরিয়া। তাকেও প্রকাশ্যে সাংবাদিকদের সামনে উপস্থিত করানো হয়েছিল স্বীকারোক্তির জন্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া প্রায়ই প্রতিবেশী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছে তাদের দেশে ছদ্মবেশী গুপ্তচর পাঠানোর জন্য। উ. কোরিয়ার সাথে এই দুই দেশেরই এখন তীব্র রেষারেষি চলছে। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া মার্কিনীদের সাথে পাল্লা দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।

