গোপালগঞ্জ প্রতিনিধি : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মতিরমোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনের ছোট ভাই ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির বেয়াই। তিনি কোটালীপাড়া উপজেলার ডহরপাড়ার চাঁদ মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শনিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া সফর করবেন। গোপন সংবাদে পুলিশ জানাতে পারে ওই যুবক এলাকায় নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
এদিকে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর শনিবারের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে।
প্রসঙ্গত, ২০০০ সালে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও হেলিপ্যাডে বোমা পুঁতে রেখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

