নিউজ ডেস্ক : দেশের সোনালী আঁশখ্যাত পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বিদেশি মেলায় অংশ নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা অংশ নেন।
বৈঠকে প্রস্তাবিত পাটনীতি-২০১৫ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও আসন্ন বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রদান ও বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) নিজ পায়ে দাঁড় করানোর লক্ষ্যে প্রণীত রোডম্যাপ (২০১৬-২০২৬) সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।
এসময় সংসদীয় কমিটি হাটখোলাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)’র নিজস্ব জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন ভবণ সিলগালা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।
চট্টগ্রামের আনোয়ারা জুট মিলসহ বিজেএমসি’র জায়গা সংক্রান্ত সমস্যা নিরসনে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে তদন্ত রিপোর্ট পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে সংসদীয় কমিটি। এছাড়াও বৈঠকে প্রস্তাবিত পাটনীতি-২০১৫ উপস্থাপন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

