আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের ইসলামি জঙ্গিরা তাদের হাতে গত কয়েক মাস ধরে বন্দি কানাডার এক নাগরিককে হত্যা করেছে। মুক্তিপণ না দেওয়ায় তারা তাকে হত্যা করেছে বলে বিবিসি জানিয়েছে। নিহতের নাম জন রাইডসডেল। বয়স ৬৪।
বিবিসি বলছে, কানাডার ওই নাগরিককে গত বছরের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের একটি অবকাশ যাপন কেন্দ্র থেকে অপহরণ করেছিল জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে পণবন্দি করে রাখার পর তারা তাকে হত্যা করেছে।
তাকে মুক্তির বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল জঙ্গিরা। ওই অর্থ দেয়ার শেষ সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই তারা তাকে হত্যা করে। সোমবার ফিলিপাইনের এক প্রত্যন্ত দ্বীপ থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি একে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন।
গতবছর ফিলিপাইনে বেড়াতে গিয়ে অপহৃত হন বর্ষিয়ান রাইডসডেল। তিনিসহ কানাডার দুই পুরুষ ও ফিলিপাইনের এক নারীসহ মোট তিনজনকে দাভাও শহর সংলগ্ন এক অবকাশ যাপন কেন্দ্র থেকে অপহৃত করে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ। তাদেরকে শহর থেকে ৫শ কিলোমিটার দূরের জোলো দ্বীপে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। তাদের হাতে আটক ওই তিনজনের মুক্তির বিনিময়ে গত নভেম্বরে ৮শ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছিলজঙ্গি গোষ্ঠীটি। নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দেয়া না হলে তারা রাইডসেলকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছিল।
মুক্তিপণ পরিশোধের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সোমবার জোলোর এক সড়কে তার বিচ্ছিন্ন মাথা পড়ে থাকতে দেখা যায়। তবে এটি রাইডসেলের কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ফিলিপাইন সরকার।

