নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মত ২৯ বিলিয়ন ডলার (দুই হাজার ৯০০ কোটি টাকা) অতিক্রম করেছে। যা দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
সোমবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় আমদানিতে খরচ কমা, রফতানি আয়ের ইতিবাচক ধারা এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় ধারাবাহিকভাবে বাড়ছে বাংলাদেশের রিজার্ভ।
এর আগে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৮১ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাওয়া হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখায়। বাকি ২০ মিলিয়ন নিয়ে যাওয়া হয় শ্রীলংকার স্বেচ্ছাসেবী সংস্থা শাকিলা ফাউন্ডেশনের নামে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

