বিনোদন প্রতিবেদক : বাংলাদেশী সিনেমা তো বটেই অনেক সময়ই বলিউডি সিনেমার পোস্টারের বিরুদ্ধেও নকলের অভিযোগ উঠে। এতে করে প্রশ্নবিদ্ধ হয় সিনেমাটি। বাংলা সিনেমায় হারমেশায় নকল পোস্টার হচ্ছে। কিন্তু পোস্টার নকল রোধ কিভাবে সম্ভব? পৃথিবীতে হাজার হাজার পোস্টার হচ্ছে প্রতিনিয়ত। তাই স্বতন্ত্র কোন পোস্টার করা বেশ কঠিন। সেই কথাটা মাথায় রেখেই ‘অদ্ভুত’ এক পোস্টার করলেন রেদোয়ান রনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘আইসক্রিম’ সিনেমার পোস্টার এটি। পোস্টারের গায়ে লেখা, ‘১০০% খাঁটি পোস্টার। ইহার পরেও পৃথিবীর অথবা কোন গ্রহের কোন পোস্টারের সাথে মিলিয়া গেলে উহা অনভিপ্রেত কাকতাল মাত্র।’
অদ্ভুত পোস্টারটি নিয়ে রেদোয়ান রনি জানালেন, ‘আমার জীবনের একটি ইচ্ছা ছিল, কখনো প্রেমের ছবি বানালে এরকম একটা পোস্টার বানাবো যেখানে একজন আরেকজনকে প্রোপজড করছে। সেই অনুযায়ী ফটোশুটও করেছি কিন্তু একটু একটু ভয় পাচ্ছি পৃথিবীর হাজার লক্ষ প্রেমের ছবির পোস্টারের কোন একটার সাথে না আবার মিলে যায় তাই পোস্টার ডিজাইনারকে বললাম ব্যতিক্রম কিছু করা দরকার।’
উল্লেখ্য, ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি কোনো কাঁটা-ছেড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র কার্ড পেয়েছে এবং মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ২৯ এপ্রিল শুক্রবার। ছবিটি প্রযোজনা করেছে পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ণ ফিল্মস এবং টপঅফমাইন্ড তিনটি প্রযোজনা সংস্থার ব্যানাওে নির্মিত হয়েছে। ‘আইসক্রিম’ এর পরিবেশক হিসেবে কাজ করছে অভি কথাচিত্র।

