পাবনা প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামে আল আমিন হোসেন (৩৫) নামে চরমপন্থী দলের এক আঞ্চলিক নেতাকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। আধিপত্য বিস্তার নিয়েই প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলাল মিয়ার ছেলে।
শনিবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই চরমপন্থী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা শনিবার দিনগত রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। নিহত আল আমিন সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলাল মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল (লাল পতাকা)’র আঞ্চলিক নেতা বলে পুলিশ নিশ্চিত করেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চরমপন্থী নেতা আল আমিনকে শনিবার দিবাগত রাতের কোন এক সময় ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রোববার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময়ে ওই স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিছেয়ে। নিহত আল আমিন স্থানীয় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি আব্দুর রাজ্জাক জানান।
তিনি আরও জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়েই প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

