খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার মহালছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ৭ জন সমর্থককে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২নং মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কংজরী চৌধুরীর ৭ সমর্থককে অপহরণ করা হয়।
শুক্রবার সকাল ৯টায় কংজরী চৌধুরী মুঠোফোনে জানান, ২নং মুবাছড়ি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে ৩ জন, ৫নং ওয়ার্ড থেকে ১ জন এবং ৬নং ওয়ার্ড থেকে ৩ জনসহ ৭ জনকে অস্ত্রেরমুখে ঘর থেকে তুলে নিয়ে গেছে বলে তাকে জানিয়েছে এলাকাবাসী। তবে তিনি অপহৃতদের নাম জানাতে পারেনি। তার সন্দেহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের বাপ্পী খীসাকে জয়ী করতে তার বড় ভাইয়ের লোকজন এ অপহরণের ঘটনা ঘটাতে পারে।
তবে অভিযোগের বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাপ্পী খীসার (আনারস প্রতীক) সাথে যোগাযোগ করা যায়নি।
অন্যদিকে এ অপহরণের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবীর।

