ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মজুরি বৃদ্ধি, নৌ-পথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌ-শ্রমিকরা।
বুধবার রাত ১২টা থেকে নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ডাকে সারাদেশে এ ধর্মঘট শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে শত শত নৌ-যান। এতে করে নৌ-পথে চলাচলকারী সাধারন যাত্রীরা পড়েছে বিপাকে। এছাড়াও আশুগঞ্জ বন্দরে পণ্য উঠা-নামা বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার জানান, নৌ-যান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা প্রদান, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, কর্মস্থলে আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় প্রদান ও চিকিৎসাকালীন বেতন প্রদানসহ ১৫ দফা দাবিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বন্দরে বিভিন্ন ধরনের জাহাজ আটকা পড়েছে। এছাড়াও আশুগঞ্জ বন্দরে পণ্য উঠা নামা বন্ধ রয়েছে। কবে নাগাদ এই ধর্মঘট প্রত্যাহার করা হবে এই বিসয়ে সঠিকভাবে কিছুই জানাতে পারেন নি তিনি। তবে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত পেলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

