চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের ১৪২ কি. মি সীমান্ত এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণকে সামনে রেখে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ। তবে বিএসএফের জারি করা রেড অ্যালার্ট সম্পর্কে কিছু জানা নেই বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
তিনি জানান, এই সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এক সপ্তাহের মধ্যে দু’দফা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা চেয়েছে বিএসএফ।
তিনি আরও জানান, শুধু চুয়াডাঙ্গা ৬ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা নয়। পশ্চিমবঙ্গের নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার যেসব কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে ওই সকল এলাকায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য সময়ের চেয়ে আজ বেশি তৎপর আছে।
সীমান্তে বিএসএফের জারি করা রেড অ্যালার্টের প্রভাব পড়েনি চুয়াডাঙ্গার দর্শনা স্থল চেকপোস্ট ও আন্তর্জাতিক রেল স্টেশনে। অন্যদিনের মতো সড়ক ও রেলপথে দু’দেশের মধ্যে যাত্রী আসা-যাওয়া স্বাভাবিকভাবে চলছে।

