বিনোদন ডেস্ক : ২০১৪ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হতে যাচ্ছে মাসুদ পথিক পরিচালিত নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। আর সেরা কাহিনীকার হচ্ছেন ‘মেঘমল্লা’র ছবির জন্য আখতারুজ্জামান ইলিয়াস ও একই ছবির জন্য জাহিদুর রহিম অঞ্জন পাচ্ছেন সেরা সংলাপ রচয়িতা পুরস্কার। একইসঙ্গে মুরাদ পারভেজ নির্মিত ‘বৃহন্নলা’র বিরুদ্ধে কাহিনি নকলের অভিযোগের সত্যতা পাওয়ায় সেরা চলচ্চিত্র, সেরা কাহিনিকার এবং সেরা সংলাপ রচয়িতা বিভাগে তিনটি পুরস্কার বাতিল করেছে সরকার।
পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোটগল্প ‘গাছটি বলেছিল’ চুরির দায়ে অভিযুক্ত এ নির্মাতার প্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে নিলো সরকার। সঙ্গে সঙ্গে সৃষ্টিশীলতাকে প্রশ্নবিদ্ধ করার অপরাধে অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের ২৪লাখ টাকাও নির্মাতা মুরাদ পারভেজকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বহুল বিতর্কের পর অবশেষে এমন দণ্ডই ভাগ্যে জুটলো এ নির্মাতার ।
২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ তে সেরা ছবি নির্বাচিত হওয়ার পরপরই ‘বৃহন্নলা’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে ছবির পরিচালক মুরাদ পারভেজকে শোকজ নোটিশ পাঠায় তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রনালয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠিত হয়। পরবর্তিতে কমিটির যাচাই বাছাইয়ের পর সত্যতা মিললে এ সিদ্ধান্ত নেয় সরকার।
জুরি বোর্ডের একটি সূত্র জানায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেবল মৌলিক গল্পের ছবিকেই দেওয়া হয়। মুরাদ পারভেজ অন্যের গল্প নিজের বলে চালানোর চেষ্টা করেছেন। সচেতন দর্শকদের তৎপরতায় পুরস্কার প্রদানের আগেই তিনি ধরা পড়েছেন। তাই তার ছবির তিনটি পুরস্কারই বাতিল করা হয়েছে।

