পটুয়াখালী প্রতিনিধি : অধ্যক্ষের দুর্নীতি অনিয়ম এবং প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ মো. আবদুল মালেক ছাত্র-ছাত্রীদের স্টাইপিন এবং উপবৃত্তির টাকা আত্মসাৎ করছে। এছাড়া দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানের শিক্ষা সফর, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করা, বিভিন্ন বিভাগের জন্য বরাদ্দকৃত শিক্ষা সামগ্রী না কিনে সে টাকাও তিনি আত্মসাৎ করেন।
শিক্ষার্থীরা অধ্যক্ষের নৈতিক চরিত্র নিয়েও অভিযোগ তুলেন। এসব কারণে প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানো ও অনতিবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানানো হয়। পরে এসব দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আবদুল মালেক এসব অভিযোগ অস্বীকার করে জানান, ছাত্র-ছাত্রীদের স্টাইপিনের টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদানের প্রক্রিয়া চলছে। এছাড়া সময় স্বল্পতার জন্য বিগত বছর গুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

