বিনোদন প্রতিবেদক : দিনভর কোক স্টুডিওতে শুটিং হলো নবীন নির্মাতা মারিয়া তুষারের চলচ্চিত্র ‘গ্রাস’-এর শুটিং। রাত দুইটা অবধি শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। সঙ্গে ছিলেন আরবি প্রীতম। ‘আই লাভ ইউ’ শিরোনামে একটি গানের তালে নেচেছেন তমা-প্রীতম। নাভিদ পারভেজের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রবাসী দুজন শিল্পী। ‘প্রচন্ড গরম! লাইটের তাপে সেদ্ধ হবার যোগাড়! তারপরও শুটিংটা চালিয়ে যাচ্ছি। আপাতত কয়েকদিন আউটডোরে শুট করবো।’-বললেন মারিয়া তুষার।
তিনি আরও জানালেন, ‘পহেলা বৈশাখের কারণে শুটিং বন্ধ রাখা হয়েছে। বিশ তারিখ থেকে ফের শুটিং শুরু হবে। ইতিমধ্যে ছবিটির পঞ্চাশ ভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহেই শুটিং শেষ করার পরিকল্পনা আছে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফাইনাল কাজ শেষ করবো আশা করি।’
সিনেমায় নির্মাতার গার্লফেন্ডের চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা। নির্মাতার সঙ্গে সম্পর্কের নানা ঘটনায় উঠে আসে সিনেমায়।
তমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নদীজন’। ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। সিনেমার নাম ছিল ‘বলনা তুমি আমার’। এরপর ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’ সিনেমায় দেখা যায় তমাকে। মুক্তির অপেক্ষায় আছে ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ প্রভৃতি চলচ্চিত্র।

