স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মাদ্রিদ ডার্বি হল না। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ চারে মুখোমুখি হচ্ছে না। শুক্রবার অনুষ্ঠিত ড্রতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।
এদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এক দিক থেকে যেন বেঁচে গেল। গত দুই মৌসুমে সেমিফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল গার্দিওলার শিষ্যরা।
এবার রিয়ালকে এড়িয়ে গেল বায়ার্ন। সেমিতে ক্লাবটির প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। এ দলটিকেও সহজভাবে নেয়ার সুযোগ নাই বেভারিয়ানদের। কারণ শেষ আটে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে কোচ ডিয়াগো সিমিওনের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদ অনেকটা স্বস্তিতে থাকতে পারে। কারণ তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে একবারেই নবীন। ম্যানচেস্টার সিটি এই প্রথমবারের মতো শেষ চারে খেলতে যাচ্ছে।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৩ ও ৪ মে।

