সাভার প্রতিনিধি : বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপনে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলা সম্পন্ন হয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে।
গণবিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এই প্রথমবারের মতো উদাপিত হলো বৈশাখী মেলা। মেলায় বাঙালি সাজে সাজানো স্টলগুলো সবার দৃষ্টি কাড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ধামরাই আশুলিয়া অঞ্চলের এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি-ধুতি পরে মেলার প্রাণকে আরো উজ্জ্বীবিত করে। এ মেলায় সেলফির আয়োজন ছিল চোখে পড়ার মতো।
আগামী ২৮ এপ্রিল সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানা যায়। কিন্তু এতে উৎসাহে ভাটা পড়েনি।
এছাড়া মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল- ‘ঘুড়ি উৎসব’। বিকেলে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘুড়ি উড়িয়ে বাল্যকালের স্মৃতিতে আবার ভেসে বেড়িয়েছেন বলে মন্তব্য করেন উপস্থিত অতিথি ও শিক্ষক।
এদিকে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ বিষয়ে ছাত্র সংসদের ভিপি মো. শামীম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বৈশাখী মেলার আয়োজন এই প্রথম। আমরা বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করি আর নতুন প্রজন্মকে এই বিষয়ে উজ্জীবিত করতে এই আয়োজন করা হয়েছে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

