স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে তারা সতীর্থ। আইপিএলে দীর্ঘদিন চেন্নাইয়ের হয়েও লড়েছেন কাঁধে কাঁধ রেখে। তবে ম্যাচ গড়া পেটার দায়ে চেন্নাই সুপার কিংস নিষিদ্ধ হওয়ায় চলতি আইপিএলে দুজনের দুটি পথ দুদিকে গেছে বেঁকে। রাইজিং পুনে সুপার জায়ান্টের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না। বৃহস্পতিবার রাতে রাজকোটে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন ধোনি ও রায়না। শেষ অবধি হাসিটা চওড়া হয়েছে রায়নারই। ধোনির পুনে সুপার জায়ান্টকে ৭ উইকেটে পরাজিত করেছে রায়নার গুজরাট।
পুনের করা ১৬৩ রানের জবাবে গুজরাট জয়ের বন্দরে পৌছায় ১২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে। চলতি আইপিএলে গুজরাট লায়ন্সের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছিল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেও দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হলো ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টকে।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে গুজরাটের হয়ে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অ্যারোন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম। উদ্বোধনী জুটি থেকেই আসে ৮৫ রান। ৩৬ বলে ৫০ রান করে আউট হন ফিঞ্চ (সাত চার ও দুই ছ্ক্কা)। এরপর রায়নাকে সঙ্গে নিয়ে আগাতে থাকেন ম্যাককালাম। ফিঞ্চ ফিফটি করতে পারলেও পারেননি ম্যাককালাম। ৩১ বলে ৪৯ রান করে ফেরেন তিনি (তিন চার, তিন ছক্কা)।দলীয় রান তখন ১২০।
২৪ বলে ২৪ রান করে অধিনায়ক সাজঘরে ফিরলেও জয়ের জন্য বাকিকাজটুকু সেরেছেন ডুয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজা। ১০ বলে তিন চার ও এক ছক্কা ২২ রানে ব্রাভো এবং জাদেজা ৮ বলে ৪ রানে থাকেন অপরাজিত। ১৮ ওভারেই জয় পায় গুজরাট। পুনের হয়ে অশ্বিন দুটি ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে রাইজিং পুনে সুপার জায়ান্টস। ৪৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৯ রান করেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ৩৭ রান করেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন (দুই চার, এক ছক্কা)। এছাড়া ধোনি ১০ বলে অপরাজিত ২২ (দুই চা ও এক ছক্কা), ওপেনার অজিঙ্কা রাহানে ১৭ বলে করেন ২১ রান।
গুজরাট লায়ন্সের হয়ে প্রাভিন তাম্বে ও রবীন্দ্র জাদেজা দুটি, ডুয়াইন ব্রাভো নেন একটি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন গুজরাটের হয়ে ফিফটি করা অ্যারোন ফিঞ্চ।

