স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। একটি অ্যাওয়ে গোল পাওয়ায় সেমিফাইনালের পথেই ছিল অল রেডসরা।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ আনফিল্ডে দ্বিতীয় লেগে বরুশিয়াকে ৪-৩ গোলে পরাজিত করেছে লিভারপুল। তাই কোয়ার্টারের দুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লুপের দল।
লিভারপুলের শুরুটা দেখলে কিন্তু তেমন মনে হয় না। মনে হবে যে ‘নিজ ঘরে পরবাসী’ হতে চলেছিল তারা। ম্যাচের নয় মিনিট যেতে না যেতেই দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। খেলার ৫ ও ৯ মিনিটে লিভারপুলের জাল কাঁপান বরুশিয়ার দুই তারকা যথাক্রমে মিখিটারিয়ান ও আবামিয়াং। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে এসে ৪৮ মিনিটের মাথায় স্বাগতিক শিবিরে স্বস্তির হাওয়া লাগান দিভোগ ওরিগি। লাভ হয়নি! ৯ মিনিটের মাথায় ফের আরো এক গোল খেয়ে বসে লিভারপুল। ম্যাচে তখন দু’দলের ব্যবধান ৩-১।
কথায় আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’ লিভারপুলের ক্ষেত্রেও হলো ঠিক তা-ই। শেষটা রাঙিয়ে সেমির টিকিট পকেটে পুরলেন ক্লুপের শিষ্যরা। ৬৬, ৭৭ ও ৯০ মিনিটে লিভারপুলের পক্ষে তিনটি গোল করেন কুটিনহো, শাখো ও লুবরেন। শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দ্বিতীয় লেগটা স্বাগতিকরা জিতে নিল ৪-৩ গোলের ব্যবধানে। সত্যিই দারুণ!

