স্পোর্টস ডেস্ক : আইপিএলের নবম আসরে কলকাতা নাইট রাইডার্স খেলে ফেলেছে দুটি ম্যাচ। ওই দুই ম্যাচে কেকেআরের দুই ধরনের অভিজ্ঞতা। প্রথমটিতে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বিপক্ষে জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৮৮ রানের টার্গেট দিয়েও সাকিবহীন কলকাতা হেরে গেছে ৬ উইকেটে।
মুম্বাইয়ের বিপক্ষে ওই ম্যাচে ইডেনে যখন গম্ভীররা লড়ছিলেন, কেকেআরের মালিক শাহরুখ খান তখন দেশে ফিরছিলেন। জন্মভূমিতে পা রেখেই দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি। জানালেন, লিগের তো অনেক দূর বাকি। সামনের ম্যাচগুলোতে জিতবে তার দল।
ভারতীয় মিডিয়াকে বলিউড বাদশা শাহরুখ খান বলেন, ‘যখন দল ইডেনে মুম্বাইয়ের বিপক্ষে খেলছিল, তখন আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম। বিমানবন্দরে শুনি বেশ টানটান ম্যাচ হচ্ছে। বাড়ি ফিরে শুনি জিততে পারেনি। কী আর করার! মুম্বাইও তো ভালো ব্যাটিং করেছে। সবে শুরু। এখনও লিগের অনেকটা বাকি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে আমাদের দল জিতবে।’

