স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান কে? উত্তরটা হয়তো অনেকেরই জানা, নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ২৩৭ রানের মহাকাব্যিক ইনিংস। ১৬৩ বল মোকাবিলা করে ২৪ টি চার ও ১১ ছক্কায় ইনিংসটি সমৃদ্ধ করেন তিনি।
এটা না হয় বাদই দিলাম। টি২০তেও গাপটিলের রয়েছে দুর্দান্ত এক সেঞ্চুরি। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯ বলে ৯টি চার ও ছয়টি ছক্কায় করেছিলেন অপরাজিত ১০১ রান। সংক্ষিপ্ত ক্রিকেটে সবশেষ ১০ ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৫২ রান। এক কথায়, আধুনিক ক্রিকেট বিশ্বের মারকুটে ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। তবুও এবারের আইপিএল নিলামে ৫০ লক্ষ রুপি বেস প্রাইস নিয়ে কোনো দল পাননি গাপটিল! খবরটা তো বড় চটকদারই ছিল। হ্যাঁ, পেশাদার ক্রিকেটের বাস্তবতা কিন্তু এমনই।
আইপিএল খেলবেন না, অবসরে পরিবারকে সময় দেবেন গাপটিল। কপাল বলেও তো একটা কথা আছে। রয়েছে ‘ভাগ্যের লিখন, না যায় খণ্ডন’ প্রবাদটিও। কেকেআরের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় ওপেনার লিন্ডল সিমন্স। আর তাতে কপাল খুলল গাপটিলের। মুম্বাইয়ের কোচ রিকি পন্টিং জানিয়ে দিলেন, সিমন্সের পরিবর্তে দলে নেয়া হয়েছে কিউই এই ওপেনারকে। একেই বলে কপাল!

