বিনোদন ডেস্ক : চলতি অস্কার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী ও সেরা চিত্রনাট্যের মত গুরুত্বপূর্ণ দুটি পুরস্কার ভাগিয়ে নেয়ার পর এবার আইরিশ ফিল্ম এন্ড টিভি অ্যাওয়ার্ডেও সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিল আলোচিত সিনেমা ‘রুম’।
গত বছরে মুক্তি পাওয়া ‘রুম’ ছবিটি শুধু গেল অস্কারেই নয়, বরং বিশ্বের বিভিন্ন জৌলুসময় চলচ্চিত্র উৎসবেও ব্যাপক প্রভাব রেখেছে। আর সদ্য শেষ হওয়া ‘আইরিশ ফিল্ম এন্ড টিভি অ্যাওয়ার্ড’-এ সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়ে রীতিমত ইতিহাস সৃষ্টি করলো ছবিটি। এরমধ্যে ‘সেরা ছবি’ এবং ‘সেরা নির্মাতা’ নির্বাচন করা হয়েছে লেনি আব্রাহামসনকে। ‘সেরা আন্তর্জাতিক অভিনেত্রী’ হিসেবে গুরুত্বপূর্ণ পুরস্কারটি ভাগিয়ে নিয়েছেন ব্রে লারসন। এছাড়া এই উৎসবে সেরা চিত্রনাট্য, সেরা সম্পাদনা এবং অরিজিনাল মিউজিকে পুরস্কার জিতে নেয় রুম।
‘রুম’ ছবিটি এমা দুনোগের ২০১০ সালে প্রকাশিত উপন্যাস ‘রুম’ অবলম্বনেই চিত্রনাট্য করা হয়েছে। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ব্রে লার্সন। যিনি পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেন ছোট্ট একটা রুমের মধ্যে। সেখানে তার একমাত্র ছেলে জ্যাকও তার সাথে থাকেন। মূলত ছবিটি পাঁচ বছরের ছেলে ‘জ্যাক’কে নিয়েই। একটা আবদ্ধ রুমের মধ্যে ছোট্ট এই শিশুর বেড়ে উঠা আর তার চিন্তা জগতের নানা টানাপোড়েনের গল্প নিয়েই এই ছবি। ছবিতে মায়ের চরিত্রে অনবদ্ধ অভিনয় করে চলতি বছরে অস্কার সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ব্রে লারসন।
অন্যদিকে লিয়াম নেসনকে সিনেমায় বিশেষ অবদানের জন্য ‘আজীবন সম্মাননা’ প্রদান করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিনস। এছাড়া আইরিশ ফিল্ম অ্যাওয়ার্ড-এ মাইকেল ফ্যাসবেন্ডারকে ‘স্টিভ জবস’-এর জন্য সেরা অভিনেতা, ব্রুকলিনে অনবদ্ধ অভিনয়ের জন্য সাওরিজ রোনানকে সেরা অভিনেত্রী এবং অস্কারজয়ী ‘স্পটলাইট’কে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে পুরস্কার প্রদান করা হয়। আর চলতি বছরে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দোকে ‘সেরা আন্তর্জাতিক অভিনেতা’ হিসেবে নাম ঘোষণা করে আইরিশ ফিল্ম অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

