বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কোল্ডেন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। এতে পরফর্ম করবেন এ সময়ে আলোচিত জুটি অনন্ত-বর্ষা। এছাড়াও দেশীয় চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের একঝাঁক তারকার অংশ গ্রহণের কথা রয়েছে।
২০১৪-১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে থেকে সেরা নির্বাচন করে আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। এর পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অনন্ত-বর্ষা ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, ইমন, চিত্রনায়িকা মৌসুমী, মাহি, মিম, অভিনেতা ওমর সানি, অমিত হাসানসহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকার অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ড শিল্পী বালাম, সঙ্গীতশিল্পী তপু, পারভেজ, এস আই টুটুল প্রমুখ।
উল্লেখ্য, প্রথমবারের মতো ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ প্রদানের লক্ষে ২০১৪-১৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে ২৫টি বিভাগে ১৮টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।

