স্পোর্টস ডেস্ক : লা লিগায় শিরোপা লড়াই যেমন চলছে, গোলের সংখ্যা নিয়েও চলছে প্রতিযোগিতা। বর্তমানে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে এ প্রতিযোগিতা সবচেয়ে বেশি। এতে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসির চেয়ে ৮ গোল বেশি করেছেন তিনি।
আগের সপ্তাহে মেসির চেয়ে সাত গোলে এগিয়ে ছিলেন রোনালদো। এ সপ্তাহে রোনালদো আরো এক গোল করলেন। এইবারের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে রিয়ালের জয়ের ম্যাচে গোলটি করেন তিনি। এদিকে রিয়াল সোসিদাদের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির বার্সেলোনা। ম্যাচটিতে গোল ব্যবধান কমানোর সুযোগ ছিল মেসির। কিন্তু তিনি কোনো গোল করতে না পারায় ব্যবধানটি আরো বেড়ে গেল। আর তার দল হেরেছে ১-০ গোলের ব্যবধানে।
মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোল করেছেন রোনালদো। সেই সঙ্গে লা লিগায় টানা ষষ্ঠ মৌসুমে কমপক্ষে ৩০ গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন এই পর্তুগীজ উইঙ্গার।
আর্জেন্টিনা তারকা মেসি চলতি মৌসুমে ২২ গোল করেছেন। আর এক গোল হলেই একটি মাইলফলক স্পর্শ করবেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার মোট গোলের সংখ্যা ৪৯৯।

